রবিবার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

Posted on

 


ছাত্রলীগ- ছাত্রদলের মধ্যে রক্তক্ষয়ী ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী রবিবার (২৯ মে) থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

 আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে করা বৈঠকে করে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে।

 সুপ্রিম কোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। বিচারপ্রার্থী, আইনজীবীরা যাতে সুপ্রিম কোর্টে নির্বিঘ্নে, স্বাচ্ছন্দে থাকতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত লোক ঢুকতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজ ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সুপ্রিম কোর্ট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছেন সু্প্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবী তৈমুর আলম খন্দকার।

 গাড়ি ভাঙচুরের বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, এ দেশে বিচার চেয়ে লাভ নেই। সরকার যেটা চাইবে সেটার বিচার হবে, যেটা চাইবে না, সেটা হবে না। নির্বাচনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষের যে আলামত, সেটি দেখা যাচ্ছে। আগে সুপ্রিম কোর্টের ভেতরে এসে কেউ মারামারি করত না বলে জানান তিনি।