মাদ্রাসাছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ায় যুবকের কারাদণ্ড

Posted on



 বগুড়ার ধুনট উপজেলায় নিজের ফেসবুক আইডি থেকে এক মাদ্রাসাছাত্রীর এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জুয়েল রানা (২৪) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। 

শনিবার (৪ জুন) বিকেলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামের আইয়ুব আলীর ছেলে। 

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার এক কৃষকের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে ওই মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন জুয়েল। মেয়েটির পরিবারের পক্ষ থেকে জুয়েলের বাবার কাছে এ বিষয়টি নিয়ে বিচার চাওয়া হয়। এতে মেয়েটির ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন জুয়েল।

 এ অবস্থায় জুয়েল অবুজ ভালোবাসা নামে তার ফেসবুক আইডি থেকে শনিবার দুপুরে মেয়েটির এডিট করা একটি আপত্তিকর ছবি প্রচার করে। এ ঘটনায় মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েলকে নিজ বাড়ি থেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। 

এরপর ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় জুয়েলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত জুয়েল রানাকে রোববার (৫ জুন) বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।    

Shwrov Mridha