আর মাত্র দুই সপ্তাহ। এরপর রসায়নের পূর্ণাঙ্গরূপ নিয়ে হাজির হবেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী ও নবাগত নায়ক আদর আজাদ। আগামী ১৭ জুন মুক্তি পাচ্ছে তাদের সিনেমা ‘তালাশ’। এ খবরটা অবশ্য পুরনো।
নতুন খবর হলো, দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তালাশ’। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা সৈকত নাসির।
তিনি বলেন, ‘এমনও দেখা যায়, ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেয়।
আমার এ সিনেমার গল্পই মাস্টারপিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলীসহ সবাই ভালো অভিনয় করেছে। সিনেমার গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। এরই মধ্যে ৫০টি হল চূড়ান্ত হয়েছে।
আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে সংখ্যাটা বেড়ে ৭০-এ যাবে।’এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে তরুণ অভিনেতা আদর আজাদের।
তিনি বলেন, ‘ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ। এ ধারা অব্যাত থাকলে বেশি দিন লাগবে না আমাদের সিনেমার ক্রান্তিকাল দূর হতে। তারই ধারাবাহিকতায় আমার ও বুবলী জুটির প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।’ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান।
এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। দেশজুড়ে এই সিনেমার পরিবেশনা করছে অভি কথাচিত্র।
রোম্যান্টিক ও থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘তালাশ’। এরই মধ্যে সিনেমাটির গান, ফার্স্টলুক,
ট্রেলার ও পোস্টার প্রকাশ হয়েছে। অন্তর্জালে সেগুলো হয়েছে দারুণ প্রশংসিত। এবার দেখার পালা, বড় পর্দায় বুবলী-আদরের রসায়ন কতটা গ্রহণ করে দর্শক।


