প্রেস ক্লাবে গীতিকার-সাংবাদিক কে জি মোস্তফার মরদেহ

Posted on

 গীতিকার, সাংবাদিক ও কলামিস্ট কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়েছে। সোমবার (৯ মে) আজিমপুর নিউ পল্টন কলোনির শাহী মসজিদে প্রথম জানাজা শেষে দুপুর সোয়া ১২টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে কে জি মোস্তফার মরদেহ প্রেস ক্লাবে নেওয়া হয়।

 জাতীয় প্রেস ক্লাবে ২য় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।রোববার (৮ মে) রাত ৮টার দিকে গীতিকার, সাংবাদিক ও কলামিস্ট কে জি মোস্তফা আজিমপুরে নিজ বাসায় অসুস্থবোধ করলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’ এবং ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ কালজয়ী গান দুটির গীতিকার তিনি। দুটি গানের সুরকার ছিলেন রবিন ঘোষ।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

আরও পড়ুন:নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক

১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন কে জি মোস্তফা। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দৈনিক ইত্তেহাদে ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় যোগ দেন তিনি।

১৯৭৬ সালে তিনি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত হন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী সম্পাদক পদে যোগ দেন। ১৯৯৬ সালে সিনিয়র সম্পাদক (যুগ্ম-সচিব পদমর্যাদা) হিসেবে অবসর নেন।খ্যাতিমান এই গীতিকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ কর্তৃক পদক ‘দেশবরেণ্য গীতিকার’ পদকসহ আরও বহু পদকে ভূষিত হয়েছেন।