নারী ফুটবলে আসছে সুখবর

Posted on

 

বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আনছেন নারী ফুটবলাররা। নারী ফুটবল দলে পৃষ্ঠপোষক হিসেবে আছে ঢাকা ব্যাংক। নারী ফুটবল দলে আরেক পৃষ্ঠপোষক আসার আভাস দিয়েছেন বাফুফে নির্বাহী সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। 

নারী ফুটবল দলের সাফল্য মূলত অনূর্ধ্ব পর্যায়ে। জাতীয় ফুটবল দলের ম্যাচ সেভাবে আয়োজন হয় না। আগস্টে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে জুনে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলবেন সাবিনারা। 

পর্যাপ্ত প্রস্তুতির জন্য আরো ম্যাচ খেলা প্রয়োজন। এই প্রসঙ্গে বাফুফে নারী উইংয়ের প্রধান বলেন, ‘আমরা অবশ্যই চাই নারীদের আরো ম্যাচ খেলাতে৷ এজন্য প্রয়োজন অর্থ।’সেই অর্থের সংস্থানের একটি সন্ধান পেয়েছে বাফুফে। 

সপ্তাহ খানেক পর ঘোষণা দেয়ার কথা বলেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারপারসন, ‘আমাদের সাথে একটি স্পন্সরের কথা হচ্ছে। ২১ তারিখ আশা করছি জানাতে পারব। এটা হলে প্রস্তুতি ম্যাচের ব্যাপারে বেশ সহায়ক হবে।

’বাংলাদেশের পুরুষ ফুটবল দলে পৃষ্ঠপোষকতার সংকট হলেও নারী ফুটবলে সেটা নেই। মারিয়াদের সাফল্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান স্পন্সরের আগ্রহ প্রকাশ করে। নারী ফুটবল দলের সঙ্গে গত কয়েক বছর যাবত ঢাকা ব্যাংক সম্পৃক্ত রয়েছে।